১১ এপ্রিল ২০১৬ - ০০:৫২
ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান ও আফগানিস্তান

গতকাল বিকেলে আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গতকাল (রোববার, ১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টা ৪ মিনিটে পাকিস্তানের কিছু এলাকাসহ আফগানিস্তানের উত্তর অঞ্চল ও কাবুল প্রকম্পিত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পের কেন্দ্রস্থলের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ ভূমিকম্পে পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, মুলতান, হাঙ্গু, মানসাহরা, হারি, চার সাদাহ, আবিত আবাদপুরসহ পাঞ্জাব ও খায়বার পাখতুনখোয়ার কিছু এলাকা প্রকম্পিত হয়েছে। খায়বার পাখতুনখোয়া রাজ্যের রাজধানী পেশোয়ার থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানা গেছে যে, ইসলামাবাদের চেয়ে এ শহরটি বেশী ঝাঁকুনি খেয়েছে। তবে এখনো এর ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ভারত ও তাজিকিস্তানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের দিল্লি-কাশ্মীর এবং উত্তরখণ্ডে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর এ ভূমিকম্পের মাত্রা ৭.১ বলে উল্লেখ করলেও মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায় এর মাত্র ছিল ৬.৬।

কোন কোন সূত্র জানিয়েছে, এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ এলাকা এবং এর গভীরতা ছিল ২৮০ কিলোমিটার বলে উল্লেখ করেছে।

তবে ইউএসজিএস জানিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার থেকে ২৪৮ কিলোমিটার উত্তরে আফগানিস্তানের উত্তর-পূর্বে অবস্থিত বাদাখশান প্রদেশের ‘আশকাশাম’ এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং এর গভীরতা ছিল প্রায় ২১০ কিলোমিটার।#